ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় কে—এ নিয়ে বিতর্কের শেষ নেই। তবে স্পেনের বিশ্বকাপজয়ী সাবেক তারকা পেদ্রো রদ্রিগেজের পছন্দের তালিকায় সবার ওপরে লিওনেল মেসি। আর নিজের ফুটবলজীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন কোচ পেপ গার্দিওলা বলে জানিয়েছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের নানা স্মৃতি ও ব্যক্তিগত পছন্দের কথা তুলে ধরেছেন ৩৯ বছর বয়সী পেদ্রো। তাঁর মতে, বার্সেলোনায় মেসি ও গার্দিওলার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁর ফুটবলজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়।
নিজের দেখা সেরা সতীর্থদের মধ্যে স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুসকেটসকে বিশেষভাবে মূল্যায়ন করেছেন পেদ্রো। অন্যদিকে, প্রতিপক্ষ হিসেবে যাঁকে সামলানো সবচেয়ে কঠিন মনে হয়েছে, তিনি সাবেক ডিফেন্ডার সার্জিও রামোস। ক্যারিয়ারের অসংখ্য গোলের মধ্যে ২০১১ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে করা গোলটিকে সবচেয়ে স্মরণীয় বলে মনে করেন পেদ্রো। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ফাইনালে তাঁর গোলে এগিয়ে যায় বার্সেলোনা।
শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করে কাতালান ক্লাবটি। তবে ক্লাব ফুটবলের সাফল্য ছাপিয়ে পেদ্রোর কাছে সবচেয়ে গর্বের অর্জন স্পেনের হয়ে ২০১০ সালের বিশ্বকাপ জয়। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই আসরে স্পেনের ঐতিহাসিক শিরোপা জয়ে অবদান রাখার স্মৃতি এখনো তাঁর কাছে বিশেষ গুরুত্ব বহন করে। ২০০৮ সালে বার্সেলোনার মূল দলে সুযোগ পাওয়ার পর গার্দিওলার অধীনে নিজের সামর্থ্য আরও ভালোভাবে বিকশিত করার সুযোগ পান পেদ্রো।
মেসি ও বুসকেটসের মতো তারকাদের সঙ্গে খেলে ক্লাবটির হয়ে ২০টি বড় শিরোপা জেতেন তিনি। পরিসংখ্যানেও সমৃদ্ধ তাঁর দীর্ঘ ক্যারিয়ার। ক্লাব ফুটবলে ৭৯৪ ম্যাচে ১৯৭ গোল করেছেন পেদ্রো। স্পেনের জাতীয় দলের জার্সিতে ৬৫ ম্যাচ খেলে তাঁর গোলসংখ্যা ১৭। মেসিকে সর্বকালের সেরা এবং গার্দিওলাকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে প্রভাবশালী কোচ হিসেবে বেছে নেওয়ার মধ্য দিয়ে পেদ্রোর বক্তব্যে বার্সেলোনা ও স্পেনের সোনালি সময়ের স্মৃতিই উঠে এসেছে।




