ফুটবল ম্যাচের দৈর্ঘ্য ৯০ মিনিট হলেও আফ্রিকা কাপ অব নেশনসের ২০২৫ সালের ফাইনালের নিষ্পত্তি গড়িয়েছে প্রায় ৯ মাসে। মরক্কো ও সেনেগালের মধ্যকার বিতর্কিত ফাইনালের চূড়ান্ত সিদ্ধান্ত দিতে যাচ্ছে ক্রীড়া আদালত (সিএএস)। আগামী ১৮ থেকে ২২ অক্টোবরের মধ্যে রায় আসতে পারে বলে জানিয়েছে সেনেগালের সংবাদমাধ্যম সেনেনিউজ।
গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের লসানে এ মামলার শুনানি শেষ করেছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস। এখন রায় দেওয়ার আগে সালিসি প্যানেল নিজেদের মধ্যে আলোচনা করছে।
গত জানুয়ারিতে মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফাইনালে সেনেগাল ১-০ গোলে জয় পেয়েছিল। তবে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে একপর্যায়ে মাঠ ছেড়ে যান সেনেগালের খেলোয়াড়েরা। পরে মাঠে ফিরে ম্যাচ শেষ করেন তারা। কিন্তু ঘটনাটিকে কেন্দ্র করে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) সেনেগালকে পরাজিত ঘোষণা করে মরক্কোকে চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি দেয়।
সিএএফের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া আদালতে আপিল করে সেনেগাল ফুটবল ফেডারেশন। সেনেগালের যুক্তি, খেলার নিয়মের ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রেফারির সিদ্ধান্ত ও ক্ষমতার বিষয়টি বিবেচনায় নিতে হবে। অন্যদিকে মরক্কো সিএএফের সিদ্ধান্তের পক্ষে আফ্রিকা কাপ অব নেশনসের ৮২ ও ৮৪ নম্বর অনুচ্ছেদের ওপর নির্ভর করছে।
ক্রীড়া আদালতের মহাপরিচালক ম্যাথিউ রিব জানিয়েছেন, শিরোপার চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় সমর্থকদের দীর্ঘ সময় পার করার বিষয়টি তারা বোঝেন। সব পক্ষের সঙ্গে আলোচনা করেই শুনানির সময়সূচি নির্ধারণ করা হয়েছিল। শুনানি শেষে যত দ্রুত সম্ভব যুক্তিসংগত রায় প্রকাশ করতে চায় আদালত।