নোয়াখালীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জেলা তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২৬। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় শহীদ ভুলু স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। এবারের লীগে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাতটি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকির সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাস্তনু কুমার দাশ, লীগের প্রধান পৃষ্ঠপোষক তাউছ মো. বেনী আমিন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলমসহ ক্রীড়ানুরাগী ও খেলোয়াড়েরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব, সহযোগিতা ও সহনশীলতা শেখায়। মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ থেকে তরুণদের দূরে রাখতেও খেলাধুলার প্রসার জরুরি।
তিনি আরও বলেন, নোয়াখালীর প্রতিটি উপজেলায় খেলাধুলার চর্চা বাড়াতে হবে। প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি করতে শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
 নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা তৃতীয় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।