বর্তমান জাতীয় সংসদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে পাঁচ বছর মেয়াদ পূর্ণ করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই।’
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে এনসিপির লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, সংসদে বিরোধী দলের বক্তব্য ও জনগণের প্রত্যাশার যথাযথ মূল্যায়ন হচ্ছে না। দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে জনগণের পক্ষে কথা বলার সুযোগ না থাকায় তারা আবারও রাজপথে নেমেছেন। তার দাবি, বর্তমান সংসদ বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার সংসদে পরিণত হয়েছে। এ সংসদ পাঁচ বছর টিকবে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।
২০২৬ সালের নির্বাচনে সংসদ নির্বাচনের পাশাপাশি বৈষম্যবিরোধী পরিবর্তন ও সংস্কারের পক্ষে জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছিল বলে উল্লেখ করেন এনসিপির আহ্বায়ক। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর বিএনপি নেতারা জুলাই সনদকে অবজ্ঞা করেছেন এবং গণভোটের রায় অস্বীকার করেছেন। এর মাধ্যমে গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের বাজার নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। এলপিজি গ্যাসের নির্ধারিত ও খুচরা দামের ব্যবধান, সায়দাবাদ-যাত্রাবাড়ী এলাকায় পরিবহনে চাঁদাবাজি এবং সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে হামলার প্রসঙ্গ তুলে তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
পরিবহন খাতের চাঁদাবাজি ও মাদকের সিন্ডিকেটের সঙ্গে বিএনপি নেতাদের সম্পৃক্ততার অভিযোগ তুলে নাহিদ ইসলাম গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পুনরুদ্ধারে জনগণকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানান।