দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি আধুনিক সেনাবাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্বাধীনতার ঘোষণা থেকে বাহিনীকে আধুনিকায়ন—সব ক্ষেত্রেই তাঁর অবদান স্মরণীয়।
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত র্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্যে সেনাবাহিনীকে শক্তিশালী করার পরিবর্তে সমান্তরালভাবে রক্ষীবাহিনী গড়ে তোলা হয়েছিল। তার দাবি, ওই বাহিনীকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হয় এবং বহু মানুষ হত্যার শিকার হন।
তিনি বলেন, জিয়াউর রহমানের পাশাপাশি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানও সেনাবাহিনীকে আধুনিক প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রেখে চলেছেন। তাঁর ভাষায়, জিয়াউর রহমান গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয় সার্বভৌমত্বের প্রতীক।
বিএনপির এই নেতা আরও বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীনচেতা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে জনগণের নিজস্ব আকাঙ্ক্ষা রয়েছে। কোনো শক্তির কাছে দেশের স্বার্থ বিসর্জন দেওয়ার সুযোগ নেই।
তিনি জানান, সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর ও পল্টন মোড় অতিক্রম করে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।
এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা, মন্ত্রী, ঢাকা মহানগরের নেতৃবৃন্দ এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।




