পোশাক খাতে চলমান অস্থিরতার পেছনে পরিকল্পিতভাবে শিল্পের ক্ষতি করার চেষ্টা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তার মতে, কিছু স্বার্থান্বেষী মহল পরিস্থিতি কাজে লাগিয়ে দেশের গুরুত্বপূর্ণ এই শিল্পকে বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এ ধরনের তৎপরতা বন্ধে সরকারকে দৃঢ় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা তুলে ধরেন জামায়াত আমির।
পোশাক কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠানের ক্ষতিসাধনের মাধ্যমে শ্রমিক কিংবা মালিক—কোনো পক্ষেরই স্বার্থ রক্ষা সম্ভব নয়। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পথ কখনো কারখানা ধ্বংসের মধ্য দিয়ে হতে পারে না। তাঁর বিশ্বাস, শ্রমিকরা নিজেরাই এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড সমর্থন করবেন না।
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ইতোমধ্যে প্রায় ৬০০টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। সামনে শীত মৌসুমকে ঘিরে এই শিল্পে ব্যবসায়িক সম্ভাবনা তৈরি হওয়ার কথা। এমন সময় কারখানাগুলোতে অস্থিরতা ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটায় এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র কাজ করছে কি না, সে প্রশ্নও তুলেছেন তিনি।
এ পরিস্থিতিতে পোশাকশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট মালিক, শ্রমিক ও অন্যান্য পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে শিল্পের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।