ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নতুন নেতৃত্ব নির্ধারণ করেছে দলটি। নতুন কমিটিতে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে। আর সদস্যসচিব হয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
রবিবার (১ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, আপাতত দুই সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১৪ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা রয়েছে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির তৎকালীন নেতৃত্বাধীন কমিটি বাতিল করে কেন্দ্রীয় বিএনপি। ওই কমিটিতে আহ্বায়ক ছিলেন আমিনুল ইসলাম এবং সদস্যসচিবের দায়িত্বে ছিলেন মো. মোস্তফা জামান।
কমিটি বিলুপ্তির সময় নতুন নেতৃত্ব ঘোষণার কথা জানানো হলেও সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
তবে এর কয়েক দিন আগে, ২৫ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মীর সংশ্লিষ্টতার অভিযোগ সামনে আসে। ঘটনার পরিপ্রেক্ষিতেই মহানগর উত্তর বিএনপির নেতৃত্বে পরিবর্তন আসতে পারে বলে আলোচনা তৈরি হয়েছিল।




