বিএনপি ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ জামায়াতে ইসলামীকে ‘শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, জামায়াতের অধিকাংশ সংসদ সদস্য আগে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন না। তার ভাষ্য, অন্তর্বর্তী সরকারের আশীর্বাদ ও ‘ওয়েলফেয়ার মেকানিজমের’ তত্ত্ব অনুসরণ করে তারা সংসদ সদস্য হয়েছেন। এ কারণে রাজপথের বক্তব্যে তারা অভ্যস্ত নন বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন বলেন, সরকার সম্পর্কে জামায়াতের আমিরের বক্তব্য নিয়ে মানুষ হাসি-তামাশা করছে। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে যে সমন্বয় প্রয়োজন ছিল, জামায়াত তা ধারণ করতে পারছে না বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের নেতারা যেভাবে বক্তব্য দিতেন, জামায়াত নেতারাও নির্বাচিত সরকারের বিরুদ্ধে প্রায় একই ধরনের ভাষা ব্যবহার করছেন। বিরোধী দল হিসেবে শক্ত অবস্থান দেখাতে গিয়ে ‘পালিয়ে যাবে’, ‘লুঙ্গি থাকবে না’, ‘হেলিকপ্টার রেডি করে রাখুন’ এবং ‘আরেকটি গণঅভ্যুত্থান হবে’—এ ধরনের বক্তব্য না দেওয়ার আহ্বান জানান তিনি।
পোস্টের শেষাংশে রাশেদ খাঁন বলেন, বিএনপি সরকার ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগের হাতে জামায়াত কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারে।