প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগকে দলীয় সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর মন্তব্য, প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই ইশরাক পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে জামায়াত আমির এ মন্তব্য করেন। 
ইশরাকের মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে নেওয়ার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, মাদক সমাজকে ধ্বংস করছে। এ পরিস্থিতিতে মাদকবিরোধী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাঁর মতে, ওই অভিযানে ইশরাকের ভূমিকার উদ্দেশ্যকে সরাসরি নেতিবাচক বলা যায় না। তবে একজন জনপ্রতিনিধি বা প্রতিমন্ত্রীর প্রকাশ্যে অস্ত্র বহন করা কিংবা অস্ত্র তাক করার বিষয়টি সমর্থনযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। 
তাঁর ভাষ্য, উদ্দেশ্য ভালো হলেও কোনো কাজের পদ্ধতি সব সময় গ্রহণযোগ্য হয়ে ওঠে না। এ ধরনের আচরণ অন্যদের কাছে ভুল দৃষ্টান্ত তৈরি করতে পারে। মাদক নির্মূলে জামায়াতের অবস্থান তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, তাঁদের লক্ষ্য শুধু মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল করা। এ জন্য আইন প্রণয়নের পাশাপাশি বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।