শেখ হাসিনা ও ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ভারত থেকে ফেরত না পাওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।রাশেদ খান বলেন, দুই হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়টি ভারতের কাছে উত্থাপন করা হয়েছে। এই দুটি দাবি পূরণ হওয়ার পরই প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি নিয়ে ভাবা সম্ভব।
বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে তিনি বলেন, দেশের পররাষ্ট্রনীতি এখন স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে সামনে রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো বিদেশি রাষ্ট্রের চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার করা হবে না।প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থকে ভিত্তি করার কথা জানান তিনি।দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রাশেদ খান বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট কাটিয়ে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। এই সময়ে বিরোধী রাজনৈতিক দলগুলোরও দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন।
তিনি অভিযোগ করেন, আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য ছোট বিষয়গুলোকে অনেক সময় অযথা বড় করে তোলা হচ্ছে। এতে দেশের রাজনৈতিক পরিবেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সরকারকে বিব্রত হতে হচ্ছে।সংরক্ষিত নারী আসনের বিএনপি সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের সমালোচনা করে রাশেদ খান দাবি করেন, সংসদে তিনি আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন এবং তাঁর বক্তব্যে শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানের প্রতিফলন দেখা যাচ্ছে।
জামায়াতে ইসলামীর লংমার্চ নিয়েও সমালোচনা করেন তিনি। রাশেদ খানের ভাষ্য, তেল-গ্যাস সংকটের মতো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে দলটি সঠিক রাজনৈতিক কৌশল নেয়নি। সরকার যখন ভারতবিরোধী ও আধিপত্যবাদবিরোধী অবস্থানে রয়েছে, তখন সরকারের সঙ্গে সহযোগিতা না করে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হওয়া হতাশাজনক বলেও মন্তব্য করেন তিনি।
র্যাব বিলুপ্তির প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা সরকার র্যাবকে খুন-গুমের কাজে ব্যবহার করেছিল বলে অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতেই র্যাব বিলুপ্তির দাবি জোরালো হয়েছিল। সরকার সংসদে আইন করে র্যাব বিলুপ্ত করে এসআরবি নামে নতুন বাহিনী গঠন করেছে বলেও জানান তিনি। নতুন বাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন রাশেদ খান।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে তিনি বলেন, দল যাকে প্রার্থী করবে, সব নেতাকর্মীকে তার পক্ষেই কাজ করতে হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে বা বিদ্রোহী প্রার্থীকে সমর্থন করলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এ সময় ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু, দোকান মালিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম বাদশা এবং ছাত্রদলের সাবেক সভাপতি এস এম সমেনুজ্জামান সমেনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
দুই শর্ত পূরণ হলেই তারেক রহমানের ভারত সফর বিবেচনা: রাশেদ খান
শেখ হাসিনা ও ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ভারত থেকে ফেরত না পাওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ…
প্রিয় বাংলাদেশরাজনীতি


