রাজনৈতিক বিরোধ থাকলেও প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে ব্যক্তিগত বা অবমাননাকর ভাষা ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভীর বক্তব্য, রাজনৈতিক অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করা যেতে পারে, তবে বক্তব্যের ভাষা শালীন হওয়া প্রয়োজন। অতীতে রাজনৈতিক প্রতিপক্ষকে অসম্মানজনকভাবে সম্বোধনের যে প্রবণতা তৈরি হয়েছিল, তা আবার ফিরে আসা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
রুহুল আমিন গাজীর রাজনৈতিক ও সাংবাদিকতার জীবনের স্মৃতিচারণ করে বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে তার ভূমিকা ছিল দৃঢ়। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও তিনি নিজের অবস্থান থেকে সরে যাননি বলে উল্লেখ করেন রিজভী।

বিরোধী রাজনৈতিক দলগুলোর সভা, সমাবেশ, মিছিল ও অন্যান্য কর্মসূচি পালনের অধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। তার দাবি, বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছিল অন্য কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা না দিতে।
পররাষ্ট্রনীতির বিষয়ে রিজভী বলেন, বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশকেই নিতে হবে। কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা তৈরি না করে জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্য থাকা দরকার বলেও মত দেন বিএনপির এই নেতা।