সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিশোরগঞ্জের ইটনা উপজেলা আহ্বায়ক মো. নাজমুল ঠাকুরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) এনসিপির কিশোরগঞ্জ জেলা কমিটির দপ্তর সম্পাদক রাতুল নাহিদ ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ড এবং গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় নাজমুল ঠাকুরের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তার প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ ও দায়িত্ব বাতিল করা হয়েছে।

অভিযোগের বিষয়টি বিবেচনায় কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার ও জেলা নেতৃত্বের পরামর্শে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কিশোরগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক শেখ খায়রুল কবির বলেন, নাজমুল ঠাকুরের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি তাদের নজরে আসে। এরপর সাংগঠনিকভাবে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।তবে এ বিষয়ে বহিষ্কৃত নেতা নাজমুল ঠাকুরের বক্তব্য পাওয়া যায়নি।