সিরাজগঞ্জে ২৩ অক্টোবর ঐতিহাসিক উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে জাতীয় পার্টি। বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের এম এ মতিন সড়কের প্রস্তাবিত অ্যাড প্লাজায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা শহর ও বিভিন্ন উপজেলা থেকে দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি আবদুল লতিফের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন শহর জাতীয় পার্টির নেতা সাইদুর রহমান। বক্তারা বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা পদ্ধতি চালু করেছিলেন। এর সুফল এখনো দেশের মানুষ ভোগ করছেন বলে তারা মন্তব্য করেন।
সভায় দলের প্রেসিডেন্ট জি এম কাদেরের বাসভবনে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। পাশাপাশি প্রাদেশিক সরকারব্যবস্থা চালু এবং মাদক, সন্ত্রাস ও মবমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি রফিকুল ইসলাম খান, প্রচার সম্পাদক নাজিম আরাফাত, বেলকুচি উপজেলা আহ্বায়ক আলহাজ আকবর আলী মোল্লা, এনায়েতপুরের সহসভাপতি ইসমাইল হোসেন সরকার, শহর কমিটির সম্পাদক সাইদুর রহমান, উল্লাপাড়া উপজেলা আহ্বায়ক আবুল কালাম আজাদ, এস এম আবদুল্লাহসহ অন্য নেতারা।