দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। পরিস্থিতির উন্নতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে কার্যকর পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি।সোমবার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলামের অভিযোগ, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় সরকারের শীর্ষ পর্যায়ের। তিনি বলেন, সরকার পরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে—এমন প্রত্যাশা থাকলেও বিভিন্ন ঘটনায় তার প্রতিফলন দেখা যাচ্ছে না।

রাজনৈতিক দল হিসেবে জনগণের পাশে থেকে দখলদারিত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দলের নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে এসব কর্মকাণ্ড প্রতিরোধ করার কথা বলেন।

সংবাদ সম্মেলনে মিরপুরের একটি স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনাও তুলে ধরেন নাহিদ। এসব ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

তার দাবি, রাজধানীর বাইরেও বিভিন্ন এলাকায় দখলকে কেন্দ্র করে সংঘর্ষসহ নানা ধরনের ঘটনা ঘটছে। হবিগঞ্জের পরিবহন স্ট্যান্ড নিয়ে বিরোধ এবং সাভারে একটি মাদরাসা দখলের চেষ্টার ঘটনাও তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

নাহিদ ইসলামের বক্তব্য, এসব পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন।