রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আগে আলোচনা না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান।বুধবার নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিষয়টি বিবেচনায় নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলও নির্বিঘ্ন রাখতে হবে।

তার পোস্ট অনুযায়ী, বুধবার সকালে মিরপুর-১৩ থেকে মিরপুর-১০ এলাকার হোপ মার্কেট পর্যন্ত ফুটপাতে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিটি করপোরেশনের কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অভিযানে থাকা কর্মকর্তা-কর্মচারী ও পুলিশের সদস্যদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগও ওঠে।শফিকুর রহমান বলেন, তার নির্বাচনী এলাকার জনগণের সুবিধা-অসুবিধার সঙ্গে সংশ্লিষ্ট কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংসদ সদস্যসহ স্থানীয় অংশীজনদের সঙ্গে আলোচনা করা হলে বিষয়টি আরও সমন্বিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো।

তিনি ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা করার বিষয়েও গুরুত্ব দেন। একই সঙ্গে ফুটপাত দখল করে ব্যবসার সুযোগ দেওয়ার বিনিময়ে চাঁদা আদায়ের অভিযোগ তদন্তের আহ্বান জানান।তার দাবি, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন মেয়াদে এসব ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আদায় করে ব্যবসা চালানোর সুযোগ দিয়ে আসছে। এর ফলে শেষ পর্যন্ত পণ্যের দাম বাড়ার মাধ্যমে এর প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ছে।

শফিকুর রহমান বলেন, শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। ক্ষুদ্র ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বাস্তবসম্মত পরিকল্পনা করা প্রয়োজন।পরিস্থিতি শান্ত রাখতে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমস্যার সমাধান করতে হলে তা নিরপেক্ষ, বাস্তবভিত্তিক ও মানবিক পদ্ধতিতে করতে হবে।