রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রোববার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় কেন্দ্রটির বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন।
আসিফ মাহমুদ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পুনর্নির্মাণ করে চিকিৎসাসেবা স্বাভাবিক করার দাবি জানান তিনি।তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় পুলিশের উপস্থিতি থাকলেও ভাঙচুরের পর তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় হামলাকারীদের পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগ থাকলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।স্বাস্থ্যকেন্দ্রটির কার্যক্রম বন্ধ না করে ক্ষতিগ্রস্ত অবকাঠামোর মধ্যেও মা ও শিশুদের চিকিৎসাসেবা চালু রাখার কথা বলেন আসিফ মাহমুদ।