দলের সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় ও সমন্বিত করতে ২৩ সদস্যের একটি বিশেষ সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক কাজের মধ্যে সমন্বয় ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই নতুন এই উপ-কমিটি করা হয়েছে।কমিটিতে রাজনৈতিক পর্ষদ থেকে দুজনকে উপ-প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন বিভাগে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকদেরও কমিটিতে রাখা হয়েছে।দলীয় কার্যক্রমকে আরও কাঠামোবদ্ধভাবে পরিচালনা করতেই এই বিশেষ কমিটি কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।