জাতীয় সংসদ অধিবেশনে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য দুই হাত তুলে দোয়া করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘এসআরবি বিল ২০২৬’ নিয়ে আলোচনার সময় এ ঘটনা ঘটে। বিলটির রিপোর্ট প্রদানের সময় বাড়ানোর বিষয়কে কেন্দ্র করে আলোচনার একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করেন জামায়াত আমির।
বক্তব্যের শুরুতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রশংসা করে শফিকুর রহমান বলেন, ‘আপনার মধ্যে একটা রুহানি তাজল্লি আছে।’এরপর বিলটির রিপোর্ট দেওয়ার সময় বাড়ানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ইতিবাচক অবস্থানের প্রশংসা করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে শফিকুর রহমান বলেন, ‘সাগর যেমন মহান, উদার এবং বিশাল- উনি আলহামদুলিল্লাহ, এর কিছু আসর পড়ার কারণে উনি দুই দিন থেকে চার দিন, পাঁচ দিন পর্যন্ত এগিয়ে গেছেন, এজন্য উনাকে মোবারকবাদ।’
এরপর দুই হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে তিনি বলেন, ‘হে রাব্বুল আলামিন, তুমি উনার দিলটাকে অনেক বড় করে দাও। আল্লাহ তায়ালা, জাতির স্বার্থেই বড় করে দিন।’এ সময় সংসদের নিজ আসনে বসে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ‘আমিন’ বলে মুখে হাত বুলাতে দেখা যায়।তবে শুধু প্রশংসা বা দোয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি জামায়াত আমির। র্যাব বিলুপ্তির পর নতুন কোনো বিশেষায়িত বাহিনী বা ব্যুরো গঠনের উদ্যোগ নেওয়া হলে সে বিষয়ে বিরোধী দলের অবস্থানও স্পষ্ট করেন তিনি।
শফিকুর রহমান বলেন, জাতির স্বার্থে যদি কোনো বিশেষায়িত বাহিনী গঠনের প্রয়োজন হয়, তাহলে তারা এতে বাধা দেবেন না। তবে এমন উদ্যোগ নেওয়ার আগে বিষয়টি নিয়ে যথেষ্ট পর্যালোচনা ও আলোচনা প্রয়োজন বলেও জানান তিনি।র্যাবের অতীত কর্মকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, একবার খারাপ অভিজ্ঞতার কারণে এখন নতুন কোনো উদ্যোগের ক্ষেত্রেও মানুষ আতঙ্কিত হয়। তার ভাষায়, এই ভয় শুধু বিরোধী দলের নয়, গোটা জাতির মধ্যে রয়েছে এবং জাতি এ ধরনের অভিজ্ঞতায় ট্রমাটাইজড।
র্যাবের মাধ্যমে অতীতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের উদাহরণ হিসেবে নারায়ণগঞ্জের আট খুনের মামলার কথা উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী ও স্পিকারের উদ্দেশে তিনি বলেন, অতীতে র্যাবের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা ঘটেছে এবং এসবের ভুক্তভোগী অনেকে এখনও সেই অভিজ্ঞতা বহন করছেন।বিলটি আরও কিছুদিন পিছিয়ে দিয়ে বিষয়টি বাস্তবধর্মী ও ব্যবহারিক দিক বিবেচনায় নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর সংসদে আনার আহ্বান জানান শফিকুর রহমান। তিনি আশা প্রকাশ করেন, যথাযথভাবে বিষয়টি বিবেচনা করা হলে ভবিষ্যতে আরও কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
বিরোধীদলীয় নেতা বলেন, ‘এই সংসদ মজলুমের সংসদ।’ অতীতের নির্যাতনের স্মৃতি এখনও অনেক মানুষের মধ্যে ভয় তৈরি করে বলেও মন্তব্য করেন তিনি।সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, আরমানের সন্তানরা তার ফিরে আসার পরও এক বছর পর্যন্ত তার কাছে আসতে ভয় পেত। একই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আরও অনেক পরিবার গেছে বলে দাবি করেন তিনি। সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদেরের প্রসঙ্গও উল্লেখ করেন জামায়াত আমির।
সবশেষে আবারও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য দোয়া করেন তিনি। বক্তব্য শেষে স্বরাষ্ট্রমন্ত্রীও হাসিমুখে প্রতিক্রিয়া জানান এবং বিরোধীদলীয় নেতার আবেগ ও অনুভূতিকে ধারণ করার কথা বলেন।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দুই হাত তুলে দোয়া জামায়াত আমিরের
জাতীয় সংসদ অধিবেশনে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য দুই হাত তুলে দোয়া করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.
প্রিয় বাংলাদেশরাজনীতি


