দেশের গ্যাস-বিদ্যুৎ সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বিরোধী দল রাজপথে সক্রিয় থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকা-১১ আসনের সাতারকুল স্কুল অ্যান্ড কলেজে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার শাসনামল থেকেই দেশে গ্যাস ও বিদ্যুতের সংকট চলে আসছে। একই সময়ে ব্যাপক দুর্নীতির ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। তার মতে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এসব সমস্যার পুরোপুরি সমাধান হয়নি।

সরকার গত সাত মাসে যথাযথ উদ্যোগ নিলে সংকট মোকাবিলা আরও সহজ হতো বলেও মন্তব্য করেন তিনি।স্থানীয় রাজনীতির প্রসঙ্গে নাহিদ বলেন, সর্বশেষ নির্বাচনে সাতারকুলের মানুষ চাঁদাবাজদের প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতের নির্বাচনেও জনগণ তাদের ভোট দেবে না বলে মন্তব্য করেন তিনি।

বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, সরকারি দলের মতো বিরোধী দল উন্নয়ন বরাদ্দ পায় না। ফলে ইচ্ছা থাকলেও নির্বাচনি এলাকার জন্য কাঙ্ক্ষিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ে। তার মতে, উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে সরকার ও বিরোধী দলের মধ্যে সমতা থাকা প্রয়োজন।