জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ আখ্যা দিয়ে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শহীদ ওসমান হাদীর রাজনৈতিক আদর্শ, ঢাকা-৮ আসনে নির্বাচন এবং তাকে ঘিরে বিভিন্ন দলের অবস্থান নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
শনিবার (১০ অক্টোবর) প্রকাশিত ওই পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, জীবদ্দশায় ওসমান হাদীর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের মতবিরোধ থাকলেও তার মৃত্যুর পর তাকে নিজেদের রাজনৈতিক আদর্শের অংশ হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে। এ ক্ষেত্রে জামায়াতে ইসলামী ও এনসিপির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ঢাকা-৮ আসনে নির্বাচন প্রসঙ্গে রাশেদ খাঁন দাবি করেন, ওসমান হাদীর বিপরীতে এনসিপি রিকশাচালক সুজনকে প্রার্থী ঘোষণা করেছিল। অন্যদিকে জামায়াতের আমিরের ব্যক্তিগত সহকারী ও বুয়েট শাখা ছাত্রশিবিরের তৎকালীন সভাপতি জুবায়ের হাদীকে ওই আসনে নির্বাচন না করার পরামর্শ দিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, এসব পরিস্থিতির মধ্যেও হাদী ওই আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্তে অনড় ছিলেন।
পোস্টে রাশেদ খাঁন আরও দাবি করেন, জীবদ্দশায় ওসমান হাদী এনসিপির বিরুদ্ধে দুর্নীতি, জুলাইয়ের ঐক্য বিনষ্ট এবং আন্দোলনের অর্জন কুক্ষিগত করার অভিযোগ তুলেছিলেন। জামায়াতের বিরুদ্ধেও মন্তব্য করেছিলেন বলে উল্লেখ করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি বক্তব্যের সমালোচনা করে রাশেদ খাঁন অভিযোগ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তুলনায় ওসমান হাদীর লড়াই বেশি শক্তিশালী—এমন বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার মতে, এ ধরনের মন্তব্যের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে হাদীকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হতে পারে।
বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এ বিতর্কে না জড়ানোর আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, ওসমান হাদীকে রাজনৈতিক বিতর্কের হাতিয়ার করা উচিত নয়। তার দাবি, হাদীর রাজনৈতিক আদর্শ ও আধিপত্যবাদবিরোধী অবস্থানকে তারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।