বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতারা বাংলাদেশে অস্থিরতা তৈরির জন্য অর্থ পাঠাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তার দাবি, অর্থের জোগান পেয়ে একটি চক্র গাড়িতে আগুন, স্থাপনায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটাচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন। এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হলে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রিজভী বলেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের নির্দেশনায় কিছু সন্ত্রাসী ও কিশোরকে ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। যারা অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও হত্যাকাণ্ডের নির্দেশ দিচ্ছে, তারা জনগণের প্রতিনিধিত্ব করার অধিকার রাখে না। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান চেয়ে পাঠানোর মতো বক্তব্য কীভাবে দেওয়া সম্ভব, তা বোধগম্য নয়। কেউ আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে তাকে দেশে ফিরে আইনের কাছে আত্মসমর্পণ করে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ থাকবে মন্তব্য করে রিজভী বলেন, যত বড় ষড়যন্ত্রই হোক, জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদ এবং দেশের অভ্যন্তরে এর সহযোগীদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখা হবে।
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ গণতন্ত্র, বিরোধী দলের অধিকার ও মানুষের মতপ্রকাশের স্বাধীনতা হরণের সঙ্গে জড়িত। রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে সম্পদ লুটপাট ও দুর্নীতির মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিলের সুযোগ তৈরি করতেই দলটির নেতারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন।
মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, পাকিস্তানি শাসন ও শোষণের বিরুদ্ধে লড়াই করে মুক্তিযোদ্ধারা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। অন্য কোনো দেশের কাছে মাথা নত করার জন্য তারা যুদ্ধ করেননি। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও তার কর্মকাণ্ডে সেই চেতনার প্রতিফলন ছিল না বলে মন্তব্য করেন তিনি।
পলাতক শেখ হাসিনার নির্দেশে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
মিছিল শুরুর আগে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় সভাপতি ইশরাক হোসেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত। দুই সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।




