রাজধানীর বেসরকারি আবাসন খাতে অনিয়ম, দুর্নীতি ও প্রভাবশালী গোষ্ঠীর দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিষ্ঠানটির গবেষণায় উঠে এসেছে, রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক যোগসাজশ ও ভূমি দখলকে কেন্দ্র করে এ খাতে শক্তিশালী একটি চক্র গড়ে উঠেছে।
রাজধানীর বেসরকারি আবাসন খাতের একটি অংশে দুর্নীতি, জবরদখল ও প্রতারণার কারণে সাধারণ ক্রেতা এবং জমির মালিকরা নানা ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ পরিস্থিতিকে কেন্দ্র করে খাতটিতে প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণ ও ‘মাফিয়াতন্ত্র’ গড়ে ওঠার অভিযোগ করেছে সংস্থাটি। একই সঙ্গে আবাসন খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় ১৩ দফা সুপারিশ তুলে ধরেছে তারা।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আবাসন খাত দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং মানুষের আবাসনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান প্রায় ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা। তবে কিছু প্রতিষ্ঠানের অনিয়মের কারণে পুরো খাতের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তার অভিযোগ, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়, মধ্যস্বত্বভোগী, ভূমি দখলকারী গোষ্ঠী এবং প্রশাসনের একটি অংশের যোগসাজশে শক্তিশালী প্রভাববলয় তৈরি হয়েছে। এই গোষ্ঠী আবাসন খাতের নিয়ন্ত্রণব্যবস্থা ও নীতিনির্ধারণী প্রক্রিয়াতেও প্রভাব বিস্তার করছে।
গবেষণায় প্রকল্পের অনুমোদন ও ছাড়পত্র সংগ্রহে অনিয়মিত অর্থ লেনদেনের বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে। টিআইবির তথ্য অনুযায়ী, একরপ্রতি এ ধরনের অতিরিক্ত ব্যয়ের পরিমাণ ১৬ লাখ ৫০ হাজার থেকে ৩৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
এ ছাড়া গ্রাহকদের কাছে প্লট হস্তান্তরে অযৌক্তিক বিলম্ব, একতরফাভাবে বরাদ্দ বাতিল, বিভিন্ন অজুহাতে বাড়তি অর্থ আদায় এবং কৃষিজমি, খাসজমি ও জলাভূমি দখলের অভিযোগও রয়েছে। ঢাকা বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ সংশোধনের ক্ষেত্রেও আবাসন ব্যবসায়ীদের প্রভাব বিস্তারের বিষয়টি গবেষণায় উল্লেখ করা হয়েছে।
গবেষক অতানু দাস জানান, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। এতে ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশনের নিবন্ধিত ৫০টি প্রতিষ্ঠানের কার্যক্রম ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা করা হয়েছে।
আবাসন খাতে অনিয়ম বন্ধ এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতে টিআইবি ১৩টি সুপারিশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন-২০১০ এবং ভূমি উন্নয়ন বিধিমালা সংশোধন, আবাসন প্রতিষ্ঠানের বার্ষিক নিরীক্ষা বাধ্যতামূলক করা এবং আর্থিক তথ্য জনসমক্ষে প্রকাশের ব্যবস্থা।
এ ছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে আন্তঃসংস্থা প্ল্যাটফর্ম গঠন এবং গ্রাহক ও জমির মালিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য স্বাধীন বোর্ড প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
টিআইবির মতে, এসব সুপারিশ কার্যকর করা গেলে আবাসন খাতে অনিয়ম কমানো, গ্রাহকের স্বার্থ রক্ষা এবং জমি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার পথ তৈরি হবে।




