দেশের চিকিৎসাব্যবস্থায় বিশেষায়িত সেবার পরিধি বাড়াতে দুটি সংশোধিত উন্নয়ন প্রকল্পে অনুমোদন দিয়েছে সরকার। এর আওতায় বিভাগীয় শহরগুলোতে ক্যান্সার, হৃদরোগ ও কিডনির চিকিৎসা সুবিধা সম্প্রসারণের পাশাপাশি লিভার প্রতিস্থাপনের সক্ষমতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৬-২৭ অর্থবছরের অষ্টম সভায় প্রকল্প দুটি অনুমোদন পায়।
সভা শেষে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এসব তথ্য জানান।
তিনি বলেন, আটটি বিভাগীয় শহরে সমন্বিত ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপনের প্রকল্পে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩২ কোটি টাকা। আগে এ প্রকল্পের ব্যয় ছিল ২ হাজার ৩৮৮ কোটি টাকা। দ্বিতীয়বার সংশোধনের মাধ্যমে প্রকল্পের পরিধি ও চিকিৎসাসুবিধা বাড়ানো হয়েছে।
প্রাথমিকভাবে ১০০ শয্যার ক্যান্সার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা থাকলেও পরবর্তী সময়ে হৃদরোগ ও কিডনির বিশেষায়িত চিকিৎসা, অতিরিক্ত শয্যা এবং আধুনিক যন্ত্রপাতি যুক্ত করা হয়। প্রতিমন্ত্রীর মতে, দেশে প্রতিবছর প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হন এবং এ রোগে মারা যান প্রায় ১ লাখ ৩০ হাজার। নতুন চিকিৎসাকেন্দ্র চালু হলে ঢাকার হাসপাতালগুলোর ওপর চাপ কমার পাশাপাশি বিভাগীয় পর্যায়ে চিকিৎসার সুযোগ বাড়বে।
প্রকল্পের আওতায় চিকিৎসা সরঞ্জাম কেনার পাশাপাশি দক্ষ চিকিৎসক, নার্স ও কারিগরি জনবল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় জনবল নিয়োগ ও প্রশিক্ষণ সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন বলেও জানান সাকি।
অন্যদিকে যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ এবং জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের অবকাঠামো সম্প্রসারণে আরেকটি সংশোধিত প্রকল্প অনুমোদন পেয়েছে। এ প্রকল্পের ব্যয় ২ হাজার ১০৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৯৭১ কোটি ৬৪ লাখ টাকা করা হয়েছে।
এ প্রকল্পের মাধ্যমে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে লিভার প্রতিস্থাপন ইউনিট স্থাপন করা হবে। প্রতিমন্ত্রী জানান, দেশের সাতজন চিকিৎসক ইতোমধ্যে পাঁচটি দেশে লিভার প্রতিস্থাপনের প্রশিক্ষণ নিয়েছেন। প্রাথমিক পর্যায়ে বিদেশি বিশেষজ্ঞ সার্জনদের সহযোগিতায় অস্ত্রোপচার পরিচালিত হবে। পরবর্তী সময়ে দেশীয় প্রশিক্ষিত চিকিৎসকরাই এ সেবা দিতে পারবেন বলে আশা করা হচ্ছে।
চিকিৎসা শিক্ষার মান উন্নয়নেও হাসপাতাল ও মেডিকেল কলেজের কার্যক্রম সমন্বয়ের ওপর গুরুত্ব দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। তিনি বলেন, দক্ষ চিকিৎসক তৈরিতে হাতে-কলমে প্রশিক্ষণের বিকল্প নেই। এ কারণে স্বাস্থ্যশিক্ষা ও বিশেষায়িত প্রশিক্ষণ খাতেও বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের।




