জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থ ও অবস্থান বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।নিউইয়র্কে সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, সফরকালে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এসব আলোচনায় বাংলাদেশের জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। তার এবারের সফরকে তুলনামূলক স্বল্প সময়ের এবং কাজকেন্দ্রিক হিসেবে তুলে ধরেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।মাহদী আমিন জানান, সফরের সময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠকের পাশাপাশি জাতিসংঘের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে।

সোমবার তুর্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা।বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।