আগামী ৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় জনসমাগম, সমাবেশ, মিছিল ও বিক্ষোভ প্রদর্শনের ওপর বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিধিনিষেধ ৮ নভেম্বর রাত ১২টা থেকে কার্যকর হবে এবং সংসদ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ক্ষতিকারক বস্তু ও দূষণকারী পদার্থ বহন বা পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে- জাতীয় সংসদ ভবন ও এর চারপাশের এলাকা। মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলা মোটর ক্রসিং, বাংলা মোটর লিংক রোড থেকে সার্ক ফোয়ারা, পান্থপথ থেকে ফার্মগেট, শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ নম্বর রোড পর্যন্ত মিরপুর রোড, রোকেয়া সরণি থেকে বিজয় সরণি ট্যুরিজম ক্রসিং, এবং ইন্দিরা রোড থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এলাকা। সংসদ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।