কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির শুধু ব্যবহারকারী নয়, উদ্ভাবনেও সক্ষম একটি দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রযুক্তির বৈশ্বিক পরিবর্তনে নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকার সুযোগ নেই। বরং এআইয়ের সঠিক প্রয়োগ ও নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে হবে।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, আগামী দিনে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থানসহ অর্থনীতির প্রায় সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বাড়বে। উৎপাদনশীলতা বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ, বিনিয়োগ আকর্ষণ এবং তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এ প্রযুক্তিকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে।
দেশের তরুণ জনগোষ্ঠীকে বড় সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করতে পারলে চতুর্থ শিল্পবিপ্লবে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, ব্যবসায়ী, গবেষক ও তরুণ উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এআইকে কেবল ব্যয় কমানোর প্রযুক্তি হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। নতুন পণ্য ও সেবা উদ্ভাবন, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টিতেও এর সম্ভাবনা কাজে লাগাতে হবে। একই সঙ্গে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য অর্জনে প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরির ওপর জোর দেন তিনি।
তবে এআই ব্যবহারের সম্ভাবনার পাশাপাশি বেকারত্ব, নিরাপত্তা ও মানবাধিকারের ঝুঁকিও বিবেচনায় রাখার পরামর্শ দেন রাষ্ট্রপতি। তাঁর মতে, প্রযুক্তির প্রয়োগ হতে হবে দেশের বাস্তবতা ও মানুষের কল্যাণকে প্রাধান্য দিয়ে। এআই যেন মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি।
তিনি জানান, সরকার ইতোমধ্যে নৈতিকতা, মানবাধিকার ও দায়িত্বশীল ব্যবহারের বিষয়গুলো বিবেচনায় রেখে জাতীয় এআই নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে। পাশাপাশি বাংলা ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা তৈরির কাজও চলছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যভিত্তিক রেডিনেস অ্যান্ড ইন্টেলিজেন্ট সিস্টেমস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক অধ্যাপক আলমগীর হোসেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ আয়োজনে অনুষ্ঠিত সামিটে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনও বক্তব্য দেন।