জাতীয় উন্নয়ন পরিকল্পনার আওতায় নতুন ও চলমান বেশ কয়েকটি উদ্যোগের ভবিষ্যৎ নির্ধারণে বসছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। আগামীকালের সভায় অনুমোদনের জন্য নতুন ও সংশোধিত ১৪টি উন্নয়ন প্রকল্প উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বরিশালের খাল পুনরুদ্ধার এবং নির্বাচিত পৌরসভাগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার করার উদ্যোগ।
নগর ব্যবস্থাপনায় জলবায়ু সহনশীলতা তৈরির পাশাপাশি বাংলাদেশ পুলিশের জন্য প্রয়োজনীয় বিশেষায়িত ও কার্যকর যানবাহন সংগ্রহের প্রস্তাবও রয়েছে তালিকায়। সরকারি আবাসন খাতেও দুটি উদ্যোগ বিবেচনায় আসছে। এর একটি ঢাকা সেনানিবাসের মঈনুল রোড এলাকায় বি-টাইপ কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ। অন্যটি জিগাতলার গাবতলা কলোনিতে সরকারি কর্মচারীদের জন্য বহুতল ভবন তৈরি।
স্বাস্থ্য ও উচ্চশিক্ষার ক্ষেত্রেও নতুন বিনিয়োগের প্রস্তাব রয়েছে। পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে নিউক্লিয়ার মেডিসিন ও সংশ্লিষ্ট বিজ্ঞান ইনস্টিটিউট (ইনমাস) স্থাপন এবং নেত্রকোণা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দ্বিতীয় সংশোধিত প্রকল্প সভায় উপস্থাপন করা হবে। জ্বালানি খাতে তিতাস গ্যাস ফিল্ডে তিতাস-৩২ ও তিতাস-৩৩ নামে দুটি মূল্যায়ন ও উন্নয়ন কূপ খননের প্রস্তাব থাকছে।
পরিবেশ সুরক্ষায় তুরাগ নদীর পরিবেশগত সংকটাপন্ন এলাকায় দূষণ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। এ ছাড়া গ্রামীণ যোগাযোগব্যবস্থা সচল রাখতে ১৫ মিটার পর্যন্ত দৈর্ঘ্যের সেতু ও কালভার্ট নির্মাণসংক্রান্ত সংশোধিত প্রকল্প বিবেচনা করা হবে।
এদিকে, সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুমোদন পাওয়া পাঁচটি প্রকল্পের বিষয়েও একনেককে অবহিত করা হবে। এগুলোর মধ্যে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের হৃদ্রোগ চিকিৎসাসেবার আধুনিকায়ন, শিশু ও মাধ্যমিক শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করা এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ট্রাফিক অবকাঠামো ও সড়ক নিরাপত্তা উন্নয়ন রয়েছে।
এ ছাড়া ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য আধুনিক যানবাহন ও যন্ত্রপাতি সংগ্রহের উদ্যোগ রয়েছে ওই তালিকায়। সভায় সমন্বিত দর তফসিলের খসড়া নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। এটি অনুমোদনের বিষয়টিও বৈঠকের আলোচ্যসূচিতে রাখা হয়েছে।




