জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে তার প্রথম ভাষণ দেওয়ার কথা রয়েছে।ইস্তাম্বুলে যাত্রাবিরতির পর তুর্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা।

বিমানবন্দরে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। পরে আনুষ্ঠানিকতা শেষে তাকে নিউইয়র্কের একটি হোটেলে নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, চার দিনের কর্মব্যস্ত সফরে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠক, জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের অনুষ্ঠান এবং কূটনৈতিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে তার ভাষণে বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয় তুলে ধরার কথা রয়েছে। এর মধ্যে দেশের উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যু গুরুত্ব পেতে পারে।

সফরসূচিতে তুরস্ক, ভুটান, পাকিস্তান, থাইল্যান্ড, ক্রোয়েশিয়া ও কুয়েতের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকসহ জাতিসংঘের বিভিন্ন কর্মকর্তা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে।এ ছাড়া রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে উচ্চপর্যায়ের আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আন্তর্জাতিক ব্যবসা ও অর্থনৈতিক সহযোগিতা নিয়েও বিভিন্ন বৈঠকে অংশ নেবেন তিনি।প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, সফর শেষে ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।