বান্দরবানে নিজ পরিচালিত রিসোর্টে এক নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক শৈক্যসিং মারমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে মামলা হওয়ার পর তাকে সদর উপজেলার মধ্যমপাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম জানান, শুক্রবার রাত ১০টার দিকে এক মারমা নারী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শৈক্যসিং মারমাকে গ্রেপ্তার করে।
মামলার এজাহারে বলা হয়েছে, পাঁচ বছর আগে বিবাহবিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে বান্দরবান শহরে বসবাস করছিলেন ওই নারী। তার দূর সম্পর্কের আত্মীয় শৈক্যসিং মারমা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। গত পাঁচ মাসে বান্দরবান শিশু পার্কের পাশের ‘সাইনি রিসোর্টে’ নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ করেছেন ওই নারী।
এজাহার অনুযায়ী, শুক্রবার রিসোর্টে যাওয়ার পর বিয়ের বিষয়ে কথা বললে অভিযুক্ত ব্যক্তি বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ সময় তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে ওই নারীকে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আশপাশের লোকজন এগিয়ে এলে শৈক্যসিং মারমা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে এজাহারে বলা হয়।
ঘটনার বিষয়ে জেলা এনসিপির আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী জানান, দলের জেলা যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগে তারা বিব্রত। দলীয় গঠনতন্ত্র ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।