পুরান ঢাকার তাঁতীবাজারে সিআইডি কর্মকর্তা পরিচয়ে সোনার দোকানে প্রবেশ করে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিন ব্যক্তিকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার (১১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন এস এম মোস্তাক আহমেদ (৬৫), মোহাম্মদ হাসান শেখ (৩৮) এবং মোহাম্মদ আবুল কালাম আজাদ (৫২)। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক মোহাম্মদ এজাজুল হক আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের পাশাপাশি জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৬ অক্টোবর তাঁতীবাজারের ‘আশীর্বাদ’ নামের একটি সোনার দোকানে প্রবেশ করেন অভিযুক্ত ব্যক্তিরা।
নিজেদের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য পরিচয় দিয়ে তারা দোকানমালিক লিটন দেবের ভাই ও ছেলেকে ভয়ভীতি দেখান। অবৈধ হুন্ডি ব্যবসার অভিযোগ তুলে তাদের কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে তুলে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগকে জানানো হলে গোয়েন্দা কোতোয়ালি জোনাল টিমের একটি দল সেখানে যায়। অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ এনায়েত কবীর সোয়েবের নেতৃত্বে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
আটকের সময় তাদের কাছ থেকে সিআইডির জ্যাকেট, হাতকড়া, পুলিশের ক্যাপ, সিলযুক্ত পরিচয়পত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ওই দিনই দোকানমালিক লিটন দেব বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, ব্যবহৃত সরঞ্জামের উৎস কী এবং অভিযুক্তদের কর্মকাণ্ডের বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। আদালতের অনুমতি অনুযায়ী তাদের দুই দিন রিমান্ডে রেখে তদন্ত করা হবে।




