সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের নামে ১ কোটি ১৬ লাখ ৬৩ হাজার ৬১২ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্পদের প্রকৃত পরিমাণ ও আয়ের উৎস জানতে তাদের সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
সোমবার (১২ অক্টোবর) দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের জানান, সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের নামে ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের নামে পাওয়া গেছে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য।
দুদকের প্রাথমিক হিসাব অনুযায়ী, দুইজনের নামে পাওয়া সম্পদের মোট পরিমাণ ১ কোটি ১৬ লাখ ৬৩ হাজার ৬১২ টাকা। এসব সম্পদের উৎস ও প্রকৃত হিসাব যাচাইয়ের পরবর্তী পদক্ষেপ হিসেবে সম্পদ বিবরণী চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




