ফরিদপুরের আলফাডাঙ্গায় বিদ্যালয়ে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের মামলায় আকিদুল শেখ নামে ২৬ বছর বয়সী এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আকিদুল আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের সেলিম শেখের ছেলে। মামলার বিবরণে বলা হয়, ২০২১ সালের ২০ জুন সকালে বিদ্যালয়ে যাওয়ার সময় জলাবদ্ধ রাস্তা পার করে দেওয়ার কথা বলে শিশুটিকে কোলে তুলে পাশের একটি বাঁশবাগানে নিয়ে যান আকিদুল।
সেখানে তাকে ধর্ষণের পর তিনি পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরদিন শিশুটির বাবা বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় মামলা করেন।
পরে পুলিশ আকিদুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। মামলার তদন্ত শেষে উপপরিদর্শক সুজন বিশ্বাস ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য এবং উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন।