মুক্তমনা লেখক ও ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় নীল হত্যা মামলায় ময়নাতদন্তকারী চিকিৎসক সোহেল মাহমুদ আদালতে সাক্ষ্য দিয়েছেন। সোমবার (১২ অক্টোবর) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আলমগীর হোসেনের আদালতে তার সাক্ষ্য গ্রহণ করা হয়। এ পর্যন্ত মামলাটিতে ছয়জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, পরবর্তী শুনানির জন্য ২৫ নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন আদালত।
২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় ভাড়া বাসায় খুন হন নিলয় নীল। ঘটনার সময় তিনি স্ত্রী আশামণিকে নিয়ে ওই বাসার পঞ্চম তলায় বসবাস করতেন। মামলার বিবরণে বলা হয়েছে, বাসা ভাড়া নেওয়ার অজুহাতে চার যুবক সেখানে ঢুকে তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর নিলয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তারা পালিয়ে যায়।
হত্যাকাণ্ডের পরদিন নিলয়ের স্ত্রী অজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করেন। দীর্ঘ তদন্তের পর ২০২০ সালের ৪ অক্টোবর ১৩ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০২২ সালের ১৮ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচার শুরু হয়।
মামলার আসামিদের তালিকায় বহিষ্কৃত মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া, কাওসার হোসেন খানসহ ১৩ জন রয়েছেন। তাদের মধ্যে মেজর জিয়া ও কাওসার পলাতক বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অন্য আসামিদের কয়েকজন কারাগারে এবং বাকিরা জামিনে আছেন।




