ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা মোটেও পছন্দ নয় কলকাতার অভিনেত্রী স্বস্তিকা দত্তের। সম্প্রতি একাধিক ব্যক্তির সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে। এসব আলোচনা নিয়ে এবার নিজের বিরক্তি ও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্বস্তিকার ঘনিষ্ঠতা নিয়ে আগে থেকেই নানা কথা শোনা যাচ্ছিল। এর মধ্যে ধারাবাহিকের পরিচালকের সঙ্গেও তার নাম জড়িয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী স্পষ্ট করেছেন, বাস্তবে কোনো সম্পর্কে না জড়ালেও তাকে ঘিরে নানা রকম গল্প তৈরি হচ্ছে।
এসব গুঞ্জনের মধ্যে নিজের অভিনীত ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জী’ বন্ধ হওয়ার খবর নিয়েই বেশি উদ্বিগ্ন স্বস্তিকা। তার মতে, সম্পর্কের খবর নিয়ে আলোচনার পরিবর্তে ধারাবাহিকটি বন্ধ হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হলেই বরং ভালো লাগত।
নিজেকে নিয়ে অতিরিক্ত চর্চার প্রসঙ্গে রসিকতা করে অভিনেত্রী বলেন, মনে হচ্ছে তিনি যেন বিশ্বসুন্দরী কিংবা অসাধারণ প্রতিভার অধিকারী! কারণ পরিচালক থেকে শুরু করে সহশিল্পী—সবার সঙ্গেই তাকে জড়িয়ে প্রেমের গল্প তৈরি করা হচ্ছে।
তবে নিজের সম্পর্কের বিষয়টি গোপন রাখার পক্ষপাতী নন স্বস্তিকা। তার বক্তব্য, অতীতেও সম্পর্কে জড়িয়েছেন এবং তা কখনো লুকিয়ে রাখেননি। ভবিষ্যতে নতুন কোনো সম্পর্কে জড়ালে সেটিও নিজের পক্ষ থেকেই প্রকাশ করবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।




