সাংবাদিকদের প্রতিবাদের পর চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অতিথি হিসেবে পরীমনিকে রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন আয়োজকরা। শনিবার (৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আয়োজকদের ভাষ্য, সাংবাদিকের সঙ্গে পরীমনির সাম্প্রতিক বিরোধের ঘটনার আগেই তাঁর সঙ্গে অনুষ্ঠানে অংশ নেওয়ার চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ সামনে আসার পর চট্টগ্রামের সাংবাদিক সমাজের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। তাদের প্রতিবাদের প্রতি সম্মান জানিয়ে শেষ পর্যন্ত পরীমনিকে অতিথি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এর প্রচারপত্র প্রকাশ করেন পরীমনি। সেখানে চট্টগ্রামে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথাও জানান তিনি। পোস্টটি নজরে আসার পর এক সাংবাদিক আয়োজকদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত বিকল্প অতিথি নির্বাচনের আহ্বান জানান।
এরপর স্থানীয় সাংবাদিকদের মধ্যে বিষয়টি নিয়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে আয়োজক কমিটি পরীমনিকে বাদ দিয়ে নতুন পোস্টার প্রকাশ করেছে।
আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানার একটি কমিউনিটি সেন্টারে আয়োজনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



