বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে। তর অসুস্থতার কারণে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর শুটিং সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। নতুন পর্বের পরিবর্তে পুরোনো বিশেষ পর্ব প্রচার করছে সংশ্লিষ্ট চ্যানেল।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে অনুষ্ঠানটির নতুন পর্বের ধারণকাজ। শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে অমিতাভকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। এ কারণে সম্প্রচারের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। দীপাবলি উপলক্ষে আগে ধারণ করা কয়েকটি বিশেষ পর্ব দেখানো হচ্ছে।
সম্প্রতি ‘রামায়ণ’ সিনেমার প্রচারে ‘কেবিসি’র বিশেষ আয়োজনে অংশ নিয়েছিলেন রণবীর কাপুর, সাই পল্লবী ও রবি দুবে। সিনেমাটির মুক্তির সময়ের সঙ্গে মিল রেখে পর্বটি প্রচারের পরিকল্পনা থাকলেও পরে সূচি পরিবর্তন করা হয়। শেষ পর্যন্ত দীপাবলির বিশেষ আয়োজনের অংশ হিসেবে এটি সম্প্রচারিত হয়েছে।
তবে অমিতাভের কাজে ফেরার সম্ভাবনাও রয়েছে। সবকিছু অনুকূলে থাকলে আগামী সপ্তাহে আবারও ‘কেবিসি’র শুটিং শুরু হতে পারে। বিষয়টি নির্ভর করছে তার শারীরিক সুস্থতার ওপর।
এদিকে নিজের ব্লগে অমিতাভ জানিয়েছেন, ধীরে ধীরে স্বাভাবিক কর্মজীবনে ফেরার চেষ্টা করছেন তিনি। তবে আপাতত কাজের গতি সীমিত রাখছেন। নিয়মিত অভ্যাসে ফিরতে সময় লাগছে বলেও উল্লেখ করেছেন অভিনেতা।
এর আগে গত অক্টোবরে ‘কেবিসি’র একটি পর্বে শুটিংয়ের সময় পড়ে গিয়ে বাম হাঁটুতে আঘাত পাওয়ার কথা জানিয়েছিলেন তিনি। ওই ঘটনার পর দাঁড়িয়ে সঞ্চালনার পরিবর্তে বসেই অনুষ্ঠান পরিচালনা করেন। চিকিৎসকদের পরামর্শে কয়েক দিনের বিশ্রামও নিয়েছিলেন এই অভিনেতা।




