বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে চাঁদপুরে নিয়মিত হাত ধোয়া ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার করেছে সহস্রাধিক শিক্ষার্থী। স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’-এর উদ্যোগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অঙ্গীকার পাঠ করান ক্লিন চাঁদপুরের প্রেসিডেন্ট অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, আশপাশে ময়লা-আবর্জনা, টিস্যু কিংবা প্লাস্টিক বর্জ্য দেখলে তা পরিষ্কার করতে হবে। পাশাপাশি সব সময় হাত পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবীর। এ সময় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক সাজ্জাদ, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেন এবং হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুন নাহারসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির শেষ পর্যায়ে দুই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করে। নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বাড়ানোই ছিল এ আয়োজনের লক্ষ্য।
প্রতিষ্ঠার পর থেকে ক্লিন চাঁদপুর শহর ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়ক সংস্কার এবং বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের সহায়তায় কাজ করছে। পাশাপাশি সংগঠনটি সরকারের বিভিন্ন জাতীয় কর্মসূচিতেও সহযোগিতা করে আসছে।