দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২ হাজার ৯৮৩ শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। তাদের মধ্যে ৩৮৫ জন মেধাবৃত্তি এবং ২ হাজার ৫৯৮ জন সাধারণ গ্রেডে বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে সরকারি নিয়ম ও নীতিমালা অনুসরণ করে এ তালিকা তৈরি করা হয়েছে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে নির্বাচিত শিক্ষার্থীরা বৃত্তির সুবিধা পাবেন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস আহমেদ বলেন, শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এ উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যতে পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।