২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার সারাদেশে ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। আর সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জন করেছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। এরপর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানার সুযোগ পান পরীক্ষার্থীরা।প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অন্যদিকে পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।
বোর্ডভিত্তিক ফলাফলে দেখা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২ শতাংশ পাসের বিপরীতে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২২৮ জন।এ ছাড়া দিনাজপুর বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন। সিলেট বোর্ডে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০৪ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫২০ জন।
এবারের পরীক্ষায় সামগ্রিক ফলাফলে গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। ফলাফলে ২৯৩টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। বিপরীতে শতভাগ পাসের সাফল্য পেয়েছে ১৩৯টি প্রতিষ্ঠান।গত ২ জুলাই এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ৮ আগস্ট। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত হওয়ায় পরবর্তী সময়ে সেগুলো অনুষ্ঠিত হয়।
মোবাইল ফোনে ফল জানার নিয়ম
যেকোনো মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
HSC [বোর্ডের প্রথম তিন অক্ষর] [রোল নম্বর] [২০২৬]
এরপর এসএমএসটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। ফিরতি বার্তায় পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।




