বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা এবং দেশের বাস্তব সমস্যা সমাধানে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত ‘রিসার্চ এক্সেলেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু শিক্ষার্থীকে পাঠদান, ডিগ্রি প্রদান কিংবা গবেষণাপত্র প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা ও গবেষণার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান ও সমাজের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলাও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠান যৌথভাবে গবেষণা পরিচালনা করতে পারে। এসব গবেষণার লক্ষ্য হওয়া উচিত সামাজিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সমস্যার সমাধান। একাডেমিক কার্যক্রমের সঙ্গে শিল্প খাতের সহযোগিতা বাড়ানো গেলে গবেষণার ফলাফল বাস্তব ক্ষেত্রে কাজে লাগানো সম্ভব হবে।
মাভাবিপ্রবি ইতিমধ্যে এ ধরনের গবেষণা কার্যক্রমে ভূমিকা রেখেছে উল্লেখ করে অধ্যাপক মামুন আহমেদ বলেন, ভবিষ্যতে এ উদ্যোগ আরও জোরদার করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সমাজের মধ্যে সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
বিশ্ববিদ্যালয়টিকে এ অঞ্চলের মানুষের ‘প্রাণের সামাজিক প্রতিষ্ঠান’ উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন অঞ্চল ও বিদেশ থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসেন। শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকা বিশ্ববিদ্যালয়ের অর্জন ও ঐতিহ্য গড়ে তুলেছে। শিক্ষক-গবেষকদের একাডেমিক ও সামাজিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে স্থানীয় জনগণ ও রাজনীতিবিদদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ইউজিসি সদস্য ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি, গবেষণা ও শিল্প খাতের চাহিদাভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ পাবে।
অনুষ্ঠানে শিল্পপ্রতিষ্ঠান ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা বাড়াতে ২৪টি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে শিক্ষক ও গবেষকদের রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। এ ছাড়া বিজ্ঞান মেলা, শিক্ষা মেলা ও চাকরির মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু ও আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।




