পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের ঘটনায় সাত শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম থেকে এক ও দুই বছরের জন্য বহিষ্কার এবং দুই শিক্ষার্থীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। গত ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ৭৭তম রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও র‍্যাগিংয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্যসচিব ড. কামরুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, গত ২১ জুলাই ফার্মেসি বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের সময় মুশফিকুর রহমান তুহিন নামে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রতিবেদন ও শৃঙ্খলা বোর্ডের সুপারিশের ভিত্তিতে রিজেন্ট বোর্ডের সভায় শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ফার্মেসি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মো. নাজমুস সাকিবকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জাহিদ হোসেন সরকার এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মিসকাত জাহান মুসফিক, ইউনুস হোসেন হিরাত, সাইদুর রহমান সিফাত ও সানোয়ার হোসেন তানিম এবং পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইসতিয়াক আহমেদ ইফতিকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া ফার্মেসি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামান্না তাজমিম তন্নীকে ১০ হাজার টাকা এবং সোহানুর রহমান সিফাতকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাত কর্মদিবসের মধ্যে পিতা-মাতাসহ কর্তৃপক্ষের কাছে মুচলেকা জমা দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ দেখেছেন। তবে এ বিষয়ে এখনো তার কাছে কোনো কাগজপত্র আসেনি। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। খুদেবার্তায় তিনি সভায় থাকার কথা জানান।
প্রসঙ্গত, গত ২১ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষার্থীর বিরুদ্ধে নবীনদের র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, বাংলা ক্লিনিক এলাকার একটি মেসে নবীন শিক্ষার্থীদের ডেকে নিয়ে র‍্যাগিং করা হয়। একপর্যায়ে মানসিক চাপে তুহিন অসুস্থ হয়ে পড়েন। রাত ৮টার দিকে তাকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর রাত ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।