মাদকাসক্তির ঝুঁকি থেকে নতুন প্রজন্মকে সুরক্ষিত রাখতে মাঠমুখী করার ওপর জোর দিচ্ছে সরকার। শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে তাদের সুস্থ জীবনধারায় অভ্যস্ত করার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে ভবিষ্যৎ গড়ার সুযোগ তৈরি করতে চায় সরকার।
শুক্রবার (৩০ অক্টোবর) চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ড. আ ন ম এহছানুল হক মিলন ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। কচুয়া উপজেলা ও পৌর বিএনপি এ প্রতিযোগিতার আয়োজন করে।
মন্ত্রী জানান, শিক্ষার্থীদের খেলাধুলার সঙ্গে যুক্ত করতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা ইতোমধ্যে শেষ হয়েছে। এবার প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁর মতে, খেলাধুলার মধ্য দিয়ে শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকার পাশাপাশি পেশাদার ক্রীড়াবিদ হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করার সম্ভাবনা তৈরি করতে পারে।
শিক্ষাক্ষেত্রে নতুন কিছু বিষয় যুক্ত করার কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রী বলেন, চলতি বছর শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়া হচ্ছে। এসব বইয়ের মধ্যে রয়েছে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, ‘আমার কারিগরি শিক্ষা’, ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’। এ ছাড়া শিক্ষার্থীদের সাঁতার শেখায় আগ্রহী করে তুলতে ভবিষ্যতে সাঁতার প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুন নাহার বেবি। এ সময় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, সার্কেল পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলামসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।