বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন-ভাতা দেওয়ার প্রক্রিয়া এগিয়েছে। এ জন্য প্রয়োজনীয় অর্থ ছাড়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে নভেম্বরের প্রথম সপ্তাহে বেতন-ভাতা ছাড় হতে পারে।
বুধবার (২৮ অক্টোবর) মাউশি সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন পে স্কেল নিয়ে জটিলতা থাকায় আপাতত আগের বেতন কাঠামো অনুসারে অক্টোবর মাসের অর্থ ছাড়ের প্রস্তাব পাঠানো হয়েছে। গত সোমবার (২৬ অক্টোবর) প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এখন সেটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সংশ্লিষ্টদের আশা, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অথবা আগামী সপ্তাহের শুরুতে অনুমোদন পাওয়া যেতে পারে। মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, অক্টোবরের বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় যত দ্রুত অনুমোদন দেবে, শিক্ষক-কর্মচারীদের অর্থও তত দ্রুত ছাড় করা সম্ভব হবে।
নাম প্রকাশ না করার শর্তে মাউশির এক কর্মকর্তা জানান, নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে বেতন-ভাতা ছাড় করার চেষ্টা চলছে। তবে প্রশাসনিক প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হলে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার প্রক্রিয়ায় প্রথমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা অনলাইনে মাসিক বিল জমা দেন। পরে মাউশি সেসব বিল যাচাই-বাছাই করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়।
প্রয়োজনীয় অনুমোদন ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় শেষে নির্ধারিত ব্যাংকের মাধ্যমে অর্থ পরিশোধ করা হয়। বেতন-ভাতা ছাড়ের প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করতে ডিজিটাল পদ্ধতিতে বিল জমা এবং অনুমোদনের ব্যবস্থা চালু রয়েছে। এখন অক্টোবর মাসের বেতন ছাড়ের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষা করছেন শিক্ষক-কর্মচারীরা।




