এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। 
তিনি জানান, ৩১ অক্টোবর সকাল ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এর আগে ২৯ অক্টোবর ফল প্রকাশের দিন নির্ধারণ করা হয়েছিল। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২ জুলাই একযোগে শুরু হয়। দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 
পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডে নির্ধারিত সময়ের পরও পরীক্ষা চালাতে হয়। এ বছর এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
 পরীক্ষা আয়োজনের জন্য সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। এতে অংশ নিয়েছে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান। ফল প্রকাশের তারিখ পরিবর্তনের কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের নতুন ঘোষিত সময়সূচি অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।