বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়িয়ে শিল্পায়ন, উচ্চপ্রযুক্তির স্থানান্তর ও কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসা পরিচালনা সহজ করা, প্রশাসনিক জটিলতা কমানো এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার।
রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসাইউকি ওমোতোর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকে সার উৎপাদন, তথ্যপ্রযুক্তি, জ্বালানি, পরিবেশবান্ধব জাহাজ পুনর্ব্যবহার এবং জাপানের টয়োটা ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশে সংযোজন ও উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। মন্ত্রী জানান, জাপানের সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (সিইপিএ) জোরদার করতে প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হবে।
মারুবেনির সিইও মাসাইউকি ওমোতো বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণ এবং নতুন শিল্প খাতে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেন। তিনি কাফকোর আধুনিকায়ন, ডিএপি ও টিএসপি সার উৎপাদন এবং তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি আইটি অফশোরিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বাংলাদেশি প্রকৌশলীদের সম্পৃক্ত করার বিষয়েও আগ্রহ জানান।
বৈঠকে পাটের বহুমুখী ব্যবহার, তুলা ও পলিয়েস্টারের সঙ্গে পাটের আঁশ মিশিয়ে নতুন পণ্য তৈরি এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় ক্ষুদ্র মডিউলার পারমাণবিক চুল্লি (এসএমআর) প্রযুক্তির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
মন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা ও মূলধন নিজ দেশে প্রত্যাবাসনের সুযোগ নিশ্চিত করতে সরকার আন্তরিক। বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানসহ দুই দেশের বাণিজ্য ও শিল্প খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




