বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) স্বাধীন, নিরপেক্ষ ও জনআস্থাসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, কোনো ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়াই প্রতিষ্ঠানটি যেন দায়িত্ব পালন করতে পারে, সে জন্য পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) রাজধানীর বিবিএস মিলনায়তনে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান : টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’।
অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনা, উন্নয়ন পরিকল্পনা এবং অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নির্ভুল পরিসংখ্যানের বিকল্প নেই। সরকারের আয়-ব্যয়ের হিসাব থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচির কার্যকারিতা যাচাই—সব ক্ষেত্রেই সঠিক তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তথ্য বিকৃতির মাধ্যমে সরকার প্রকৃত পরিস্থিতি আড়াল করতে পারে, তবে এতে শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত গ্রহণই ক্ষতিগ্রস্ত হয়।
তিনি জানান, অতীতের পরিসংখ্যানের মধ্যে কোনো অসংগতি বা ত্রুটি রয়েছে কি না, তা শনাক্ত করতে পুরোনো তথ্য যাচাই-বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ার উদ্দেশ্য শুধু আগের সরকারের ভুল খুঁজে বের করা নয়; বরং সমস্যার প্রকৃত কারণ চিহ্নিত করে ভবিষ্যতের জন্য নির্ভরযোগ্য তথ্যব্যবস্থা গড়ে তোলা।
অর্থমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক গণতন্ত্রের পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ জন্য বিবিএসকে শক্তিশালী করার পাশাপাশি সরকারি পরিসংখ্যান ও গবেষণার তথ্য সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা প্রয়োজন। এতে গবেষক, নীতিনির্ধারক ও নাগরিকেরা তথ্য যাচাই এবং প্রয়োজনীয় মতামত দেওয়ার সুযোগ পাবেন।
আধুনিক পরিসংখ্যান ব্যবস্থা গড়ে তুলতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নের ওপরও গুরুত্ব দেন তিনি। সরকারের ‘ওয়ান সিটিজেন, ওয়ান ওয়ালেট, ওয়ান কার্ড’ পরিকল্পনা বাস্তবায়নেও সমন্বিত ও নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজন হবে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার।
অর্থমন্ত্রী বিবিএসের জনবল সংকট ও পরিচালনাগত সীমাবদ্ধতা সমাধানে সরকারের উদ্যোগের কথাও জানান। সংশ্লিষ্ট কর্মকর্তা, পরিসংখ্যানবিদ ও গবেষকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য জাতীয় পরিসংখ্যান ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


