বাংলাদেশে খুচরা ব্যাংকিং বা ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির সম্ভাবনা যাচাই করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এ প্রক্রিয়া সম্পন্ন হতে ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে বলে গ্রাহকদের জানিয়েছে ব্যাংকটি। তবে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে সম্ভাব্য এ হস্তান্তর সম্পন্ন হবে।
গ্রাহকদের পাঠানো এক চিঠিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান লুৎফুল হাবিব জানান, ব্যবসা বিক্রির সম্ভাবনা যাচাই ব্যাংকের বৈশ্বিক কৌশলের অংশ। এ উদ্যোগের তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না এবং পুরো প্রক্রিয়ায় গ্রাহকদের স্বাভাবিক ব্যাংকিং সেবা অব্যাহত থাকবে।
ব্যাংকটি জানিয়েছে, গ্রাহকদের আমানত ও বিনিয়োগ নিরাপদ থাকবে এবং নিয়মিত ব্যাংকিং লেনদেনে কোনো বাধা সৃষ্টি হবে না। প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্পর্কে গ্রাহকদের সময় সময়ে অবহিত করা হবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক বলেন, বাংলাদেশে ব্যাংকটির কৌশলগত গুরুত্ব অপরিবর্তিত থাকবে। খুচরা ব্যাংকিংয়ের পরিবর্তে আন্তর্জাতিক বাণিজ্য, আন্তসীমান্ত মূলধন প্রবাহ ও অবকাঠামো অর্থায়নের মতো খাতে করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং ব্যবসায় আরও বেশি গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসহ পুরো লেনদেন প্রক্রিয়া শেষ হতে ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে। এ সময়ে গ্রাহকসেবা স্বাভাবিক রাখা এবং বড় ধরনের বিঘ্ন ছাড়াই ব্যবসা হস্তান্তরের চেষ্টা করা হবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড জানিয়েছে, বাংলাদেশে ১২০ বছরের বেশি সময় ধরে তাদের কার্যক্রম রয়েছে। খুচরা ব্যাংকিং ব্যবসা বিক্রির সম্ভাবনা যাচাই করা হলেও বাংলাদেশের বাজারের প্রতি ব্যাংকের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিতে কোনো পরিবর্তন হবে না। হস্তান্তর প্রক্রিয়ায় প্রভাবিত কর্মীদের স্বার্থ ও কল্যাণকেও গুরুত্ব দেওয়া হবে। বর্তমানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বিশ্বের ৫৫টি বাজারে কার্যক্রম পরিচালনা করছে।