শীতের দিনগুলোকে আরও স্বস্তিদায়ক করতে নতুন প্রযুক্তির তিন ধরনের হোম অ্যাপ্লায়েন্স বাজারে এনেছে ওয়ালটন। নতুন সংগ্রহে রয়েছে স্মার্ট গিজার, আধুনিক নকশার ইলেকট্রিক কেটলি এবং একাধিক সুবিধাসম্পন্ন কম্বো রুম হিটার।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ওয়ালটন করপোরেট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পণ্যগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল। অনুষ্ঠানে ওয়ালটনের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন অভিনেতা ইরফান সাজ্জাদ।
নতুন গিজারগুলোর মধ্যে রয়েছে ৪৫ লিটারের অ্যাকুয়াওয়ার্ম স্মার্ট, ৪০ লিটারের ক্রিস্টাল ফ্লেক্স এবং ৩০ লিটারের সুপ্রিম মডেল। এর মধ্যে অ্যাকুয়াওয়ার্মে যুক্ত করা হয়েছে ওয়াইফাই, আইওটি ও ভয়েস কমান্ড প্রযুক্তি। মোবাইল অ্যাপের মাধ্যমে দূর থেকেও এটি চালু ও নিয়ন্ত্রণ করা যাবে। অ্যামাজন অ্যালেক্সা এবং গুগল হোমের সঙ্গেও রয়েছে সংযোগের সুবিধা।
অন্য মডেলগুলোতেও ব্যবহারকারীর সুবিধা ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ক্রিস্টাল ফ্লেক্সে রয়েছে দুই ধরনের স্থাপনের ব্যবস্থা এবং দ্বিস্তর নিরাপত্তা। সুপ্রিম মডেলে ব্যবহার করা হয়েছে উচ্চ তাপ ও চাপ সহনশীল প্লাস্টিকের কাঠামো। সব মডেলেই মরিচা ও পানির খনিজ আস্তরণ প্রতিরোধের প্রযুক্তি রাখা হয়েছে।
দুর্ঘটনার ঝুঁকি কমাতে গিজারগুলোতে সংযোজন করা হয়েছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিচ্ছিন্নকরণ ব্যবস্থা, ডাবল পোল থার্মোস্ট্যাট এবং অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণের নিরাপত্তা প্রযুক্তি। তাপ ধরে রাখা ও অগ্নিনিরাপত্তার বিষয়েও রয়েছে বিশেষ ব্যবস্থা। এসব গিজারে সাত বছরের ওয়ারেন্টি দিচ্ছে ওয়ালটন।
রান্নাঘরের ব্যবহারের জন্য নতুন করে সাজানো হয়েছে ইলেকট্রিক কেটলির সম্ভারও। ট্রিপল ও ডাবল লেয়ার, গ্লাস, ডিজিটাল ডিসপ্লে এবং রেট্রো ক্লাসিক—বিভিন্ন নকশা ও বৈশিষ্ট্যে পাওয়া যাবে এসব পণ্য। প্রতিষ্ঠানটির দাবি, কেটলিগুলো তৈরিতে স্বাস্থ্যসম্মত ফুড গ্রেড উপকরণ ব্যবহার করা হয়েছে।
এবারের নতুন সংযোজন কম্বো রুম হিটার। শীতের সময় ঘর গরম রাখার পাশাপাশি গরমকালে এয়ার কুলার ও হিউমিডিফায়ার হিসেবেও ব্যবহার করা যাবে এটি। অর্থাৎ, একটি যন্ত্রেই মিলবে ভিন্ন ঋতুর প্রয়োজনীয় সুবিধা।
অনুষ্ঠানে ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদ বলেন, পণ্যের মান ও গ্রাহকের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যেই নতুন প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়েছে।



