বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ এক দশকে প্রায় তিন গুণ হয়েছে। বিশ্বব্যাংকের ‘ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট ২০২৬’ অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ দেশের মোট বিদেশি ঋণ দাঁড়িয়েছে ১১ হাজার ৩৪৩ কোটি ডলারে। বর্তমান বিনিময় হার অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৪ লাখ ১৮ হাজার কোটি টাকা।
২০১৫ সালে বাংলাদেশের বৈদেশিক ঋণ ছিল ৩ হাজার ৮৭৭ কোটি ডলার। অর্থাৎ ১০ বছরের ব্যবধানে ঋণের স্থিতি বেড়েছে ৭ হাজার ৪৬৬ কোটি ডলার। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ঋণ বেড়েছে ৮ দশমিক ৬ শতাংশ। গত বৃহস্পতিবার ওয়াশিংটন থেকে প্রতিবেদনটি প্রকাশ করে বিশ্বব্যাংক।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশের বিদেশি ঋণের বড় অংশ এসেছে বহুপক্ষীয় ঋণদাতা সংস্থাগুলোর কাছ থেকে। এসব সংস্থার কাছে দেশের ঋণের পরিমাণ ৫ হাজার ১১৪ কোটি ডলার। এর মধ্যে বিশ্বব্যাংকের কাছে ২ হাজার ২৬৩ কোটি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে ১ হাজার ৭৫১ কোটি ডলার পাওনা রয়েছে।
দ্বিপক্ষীয় ঋণদাতা দেশগুলোর কাছে বাংলাদেশের ঋণ ৩ হাজার ২৬৪ কোটি ডলার। এর মধ্যে জাপানের কাছে ১ হাজার ২৭২ কোটি এবং রাশিয়ার কাছে ৯০২ কোটি ডলার ঋণ রয়েছে। এ ছাড়া বেসরকারি খাতের বিদেশি ঋণ প্রায় ১ হাজার কোটি ডলার। স্বল্পমেয়াদি ঋণের পরিমাণ প্রায় দেড় হাজার কোটি ডলার।
ঋণের পরিমাণ বাড়লেও তা পরিশোধের সক্ষমতা যাচাইয়ে কয়েকটি সূচকে বাংলাদেশের অবস্থান এখনো তুলনামূলক সহনীয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মোট জাতীয় আয়ের (জিএনআই) বিপরীতে বিদেশি ঋণের অনুপাত দাঁড়িয়েছে ২৪ শতাংশে। আগের বছরের তুলনায় এই হার বেড়েছে প্রায় ৬ শতাংশ। অন্যদিকে রপ্তানি আয়ের বিপরীতে ঋণ পরিশোধের অনুপাত কমে ১৬ শতাংশে নেমেছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্যেও বিদেশি ঋণ পরিশোধের ব্যয় বাড়ার চিত্র উঠে এসেছে। ২০১২-১৩ অর্থবছরে ঋণের আসল ও সুদ বাবদ ১১০ কোটি ডলার পরিশোধ করেছিল বাংলাদেশ। ২০২১-২২ অর্থবছরে এই ব্যয় বেড়ে ২০১ কোটি ডলারে পৌঁছায়। ২০২২-২৩ অর্থবছরে তা প্রায় ৩০০ কোটি ডলারে উন্নীত হয়। আর ২০২৫-২৬ অর্থবছরে বিদেশি ঋণ পরিশোধে ব্যয় হয়েছে প্রায় ৪৫০ কোটি ডলার। অর্থাৎ ১৪ বছরের ব্যবধানে বার্ষিক পরিশোধের পরিমাণ চার গুণের বেশি বেড়েছে।
সামনের বছরগুলোতে ঋণ পরিশোধের চাপ আরও বাড়তে পারে। কারণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধ শুরু হওয়ার কথা রয়েছে। এসব প্রকল্পে জাপান ও রাশিয়ার অর্থায়ন রয়েছে। এরই মধ্যে কর্ণফুলী নদীর তলদেশে টানেল ও মেট্রোরেল প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধ শুরু হয়েছে।
ফলে নতুন উন্নয়ন প্রকল্পের অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি পুরোনো ঋণের কিস্তি মেটাতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হচ্ছে। ঋণের স্থিতি ও পরিশোধ ব্যয় বাড়তে থাকায় ভবিষ্যতে বৈদেশিক মুদ্রার আয়, রাজস্ব সক্ষমতা এবং সামগ্রিক ঋণ ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।



