দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চার জেলার ২৯টি বাঁওড়ের মৎস্যসম্পদ উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ৪৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট জলাশয়গুলোতে মাছের উৎপাদন অন্তত ১০ শতাংশ বাড়বে বলে আশা করছে মৎস্য অধিদপ্তর।
প্রকল্পের আওতাভুক্ত জেলাগুলো হলো যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া। প্রায় ১৫ বছর পর এসব অঞ্চলের বাঁওড়ের উন্নয়নে সমন্বিত কর্মসূচি নেওয়া হচ্ছে। ‘নির্বাচিত বাঁওড় এলাকায় সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা’ নামের প্রকল্পটির উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, পলি জমে অগভীর হয়ে পড়া জলাশয়ের অংশবিশেষ খনন, মাছের প্রজননক্ষেত্র তৈরি, পোনা উৎপাদন এবং স্থানীয় জেলেদের প্রশিক্ষণ দেওয়া হবে। বাঁওড়ের পানি ধারণক্ষমতা বাড়াতে খননকাজে প্রস্তাব করা হয়েছে ১১ কোটি ২১ লাখ ৯৫ হাজার টাকা।
এ ছাড়া ২৯টি জলাশয়ে মাছের অভয়াশ্রম গড়ে তুলতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩২ লাখ টাকা। পোনা উৎপাদনের জন্য ৩৫টি পুকুর সংস্কারে ১ কোটি ৭৩ লাখ ৩৯ হাজার এবং খামার যান্ত্রিকীকরণে ১ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। পানি সরবরাহ নিশ্চিত করতে স্থাপন করা হবে ছয়টি গভীর নলকূপ।
প্রকল্পের আওতায় ছয়টি বাঁওড় ব্যবস্থাপকের কার্যালয় পুনর্নির্মাণে ৭ কোটি ৩১ লাখ ৮ হাজার টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। পাঁচ বছরে ২৯০টি বিল নার্সারি স্থাপন এবং রুইসহ দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার কর্মসূচিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, স্থানীয় মৎস্যজীবীদের সম্পৃক্ত করে বাঁওড়গুলোর সম্পদ রক্ষা ও ব্যবস্থাপনা নিশ্চিত করাই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। অভয়াশ্রম এলাকায় নির্দিষ্ট সময় মাছ ধরা নিয়ন্ত্রণ করা হবে, যাতে মাছের স্বাভাবিক প্রজনন ও বংশবৃদ্ধি বাধাগ্রস্ত না হয়। বর্ষায় মাছ আশপাশের নদী ও বিলে ছড়িয়ে পড়লে সেখান থেকে জেলেরা আহরণের সুযোগ পাবেন।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনক বলেন, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে অনেক বাঁওড়ের গভীরতা কমে গেছে। এতে মাছের স্বাভাবিক বিচরণ ও উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রকল্পের মাধ্যমে জলাশয়ের পরিবেশ উন্নয়নের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকে ব্যবস্থাপনায় যুক্ত করা সম্ভব হবে।
তিনি আরও জানান, প্রকৃত মৎস্যজীবীদের পরিচয় নিশ্চিত করতে একটি হালনাগাদ তালিকা তৈরির পরিকল্পনা রয়েছে। এতে দীর্ঘদিন ধরে সমিতির পুরোনো সদস্যতালিকার কারণে বাদ পড়া প্রকৃত জেলেদের অন্তর্ভুক্তির সুযোগ তৈরি হবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি স্থানীয় জেলেদের কর্মসংস্থান ও আয় বৃদ্ধির পথ তৈরি হবে। একই সঙ্গে বাঁওড়ের জীববৈচিত্র্য রক্ষা এবং মৎস্যসম্পদের দীর্ঘমেয়াদি ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।